আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

চলতি বছরে একুশে পদকসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা ফরিদা আক্তার ববিতা। এবার ছোট বোনের মতো আজীবন সম্মাননা পাচ্ছেন বড় বোন অভিনেত্রী ও পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। দেশীয় চলচ্চিত্রের স্বর্ণালি যুগের উজ্জ্বল নক্ষত্রকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের জমকালো আয়োজনে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হবে। বাইফার এবারের আসরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করবেন বলে জানিয়েছেন সুচন্দা। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণর হাত থেকে ‘বাইফা সিজন ৫’-এর উপহার বক্স গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণের সম্মতি দেন তিনি।

পুরস্কার প্রাপ্তির আগাম খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুচন্দা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বাইফার সঙ্গে তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। তারা যখন আমাকে এই সম্মাননার কথা জানায়, খুব ভালো লেগেছে। তাই এর আগে অনেক পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও এই সম্মাননা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করছি।’

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘বাইফা সিজন ৫’-এর বর্ণাঢ্য আসর। মোট ২৯টি ক্যাটাগরিতে সরাসরি দর্শক ভোট ও জুরি বোর্ডের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি এবং চলচ্চিত্রের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।