এনসিসি ব্যাংকে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা

এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য ‘মাইন্ড ম্যাটারস : ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন’ শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে, যা ব্যাংকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান।

তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন।

এ ছাড়া, অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস)  এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ার (পিএইচকিউ)-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এসব টুলস অংশগ্রহণকারীদের নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণœতা শনাক্ত ও ব্যবস্থাপনায় সহায়তা করে। এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন।

এনসিসি ব্যাংকের ১৪২ জন নারী কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া, দেশব্যাপী বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফরমে যুক্ত হন। বর্তমানে পরিবর্তনশীল কর্মপরিবেশে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাংকের এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিমত ব্যক্ত করেন।