মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) টাওয়ারে তাদের অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার ডিএসইর কার্যালয়ে এ উপলক্ষে ডিএসই ও মিতালি গ্রুপের মধ্যে ভাড়াবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। ডিএসইর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মিতালি গ্রুপ অব ইন্ডাস্টিজের ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ার সাদাতসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
ডিএসই টাওয়ারে মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার-সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানিজগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং নেটওয়ার্কিং আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত।