জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) গেজেট প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।
তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছিল এবং আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হয়েছে।
সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য রবিবার শপথ নিয়েছেন। বর্তমান সংসদের আসনবিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি নারী আসন পায়। জোটের ১২ জন প্রার্থী গতকাল শপথ নিলেও বাকি একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জোটের অন্যতম প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ের সময় বাতিল হয়ে যায়। মূলত সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর তিন বছর সময় পার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন।
অন্যদিকে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর পরে আবেদন করায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরবর্তী সময়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং বাছাই শেষে তা বৈধ বলে গণ্য হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি।