জালটাকা চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আসন্ন ঈদুল আযহার আগে কোরবানী পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে আবারো সক্রিয় জাল টাকা চক্রের সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জে এমন একটি চক্রের খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. কাউসার (৫০) এবং মো. কামাল (৫১)। কাউসার জালটাকা তৈরির দায়ে এর আগেও একাধিকবার আটক হয়েছে এবং তার নামে বর্তমানে ঢাকার বিভিন্ন থানায় জালটাকা তৈরির ৭টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার (৫ মে) ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. তরিকুল ইসলাম জানান, ঈদের আগে পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা কারবারীরা সক্রিয় হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা দক্ষিন ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এস আই ইয়াকুব আলী ডিবি পুলিশের একটি টিম নিয়ে  কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় ৫ তলা একটি বাড়ি ৩য় তলায় অভিযান চালিয়ে মো. কাউসার এবং বাড়ির মালিক মো. কামালকে গ্রেপ্তার করা হয়।

সম্মেলনে আরেও জানানো হয়, কাউসারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে দুই লাখ টাকা, মোট আট লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জালটাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জাল টাকা তৈরির কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইসসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে।