বাংলাদেশ থেকে 'অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা' নিয়ে যাচ্ছেন কাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দীর্ঘ পথচলার ইতি টানলেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান হ্যাভিয়ের ক্যাবরেরা। গত ৩০ এপ্রিল বাফুফের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়। চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর বাফুফে তার সাথে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। তবে বাফুফের কাছে নতুন করে আবেদন করায় তার ডাগআউটে টিকে যাওয়ার কিঞ্চিৎ সম্ভাবনাও ছিল। ৪১ বছর বয়সী এই কোচ সোশ্যাল মিডিয়া 'লিংকডইনে' দেওয়া এক পোস্টে সে সম্ভাবনার ইতি টেনে দিলেন নিজেই। 

ক্যাবরেরা তার সময়কালকে 'সার্থক' বলে অভিহিত করে লিখেছেন, 'জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হলো। দীর্ঘ চার বছর চার মাস দায়িত্ব পালনের পর আমি এমন সব অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, যার প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান।'

তিনি আরও যোগ করেন যে, তার অধীনে দল কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও অনেক উন্নতি করেছে। দর্শকদের ঠাসা স্টেডিয়ামে খেলা এবং ভক্তদের ভালোবাসাকে তিনি আজীবন লালন করবেন বলে জানান। তার দাবি, তিনি একটি শক্তিশালী এবং লড়াকু মানসিকতার দল গড়ে দিয়ে যাচ্ছেন যারা এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে।

তরুণদের সুযোগ করে দেওয়ার বিষয়ে ক্যাবরেরা গর্ববোধ করেন, 'পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করে দিয়েছি, তার জন্য আমি বিশেষভাবে গর্বিত। এই সময়ে, ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যেটি এশিয়ার অন্যতম তরুণ একটি জাতীয় দল প্রতিষ্ঠায় সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।'

পোস্টের শেষে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কাবরেরা, 'প্রত্যেক খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকলকে ধন্যবাদ। গভীর কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ ফুটবল সঠিক পথেই এগোচ্ছে এবং এর সেরা সময় এখনও আসেনি। ধন্যবাদ, বাংলাদেশ। চিরকৃতজ্ঞ।'

২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ৪১ বছর বয়সী এই কোচের অধীনে বাংলাদেশ মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ও ড্র এসেছে ১০টি করে ম্যাচে, আর পরাজয় বরণ করতে হয়েছে ১৯টিতে। তার অধীনে দল ভুটান ও মালদ্বীপকে হারিয়েছে তিনবার করে, কম্বোডিয়াকে দুবার এবং ভারত ও সিশেলসের বিপক্ষে একটি করে জয় পেয়েছে।