মেট্রোরেলের রাতের যাত্রীদের জন্য সু-সংবাদ

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর করা। পাশাপাশি দুই ট্রেনের মাঝের ব্যবধান আধা মিনিট কমিয়ে সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

সম্ভাব্য নতুন সময়সূচি

মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন ছাড়তে পারে রাত ১১টা পর্যন্ত (বর্তমানে ১০:১০)। উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়তে পারে রাত ১০:১০ (বর্তমানে ৯:৩০)।
সকালের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। এখনো উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায়।

ট্রিপ বাড়বে, কমবে অপেক্ষার সময়

গত বছরের অক্টোবরে এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল। বর্তমানে দিনে ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। নতুন সময়সূচি চালু হলে ট্রিপ সংখ্যা আরও বাড়বে।

এখন পিক আওয়ারে ট্রেনের ব্যবধান ৫ মিনিট, যা কমিয়ে সাড়ে ৪ মিনিট করা হবে। অন্যদিকে অফপিক সময়ে ৭ থেকে ২০ মিনিট ব্যবধান বজায় থাকে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে।

ট্রেন ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা
বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটিতে ৬টি কোচ। পিক আওয়ারে এখন ১২ সেট ট্রেন চালু থাকে, সময় বাড়লে তা বাড়িয়ে ১৪ সেট করা হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, তাদের সক্ষমতা অনুযায়ী সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন চালানো সম্ভব। তবে জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।

প্রকল্প অনুযায়ী প্রতিদিন ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য থাকলেও বর্তমানে গড়ে প্রায় ৪ লাখ ২৫ হাজার যাত্রী যাতায়াত করছেন।

কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ চলমান, যা আগামী বছর চালু হতে পারে। তখন দৈনিক যাত্রীসংখ্যা বেড়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।