কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশার ওপর পড়ে প্রাইমারি স্কুলের এক শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায়, শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিমুলিয়া গ্রামের হাসানের মেয়ে, প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিউলি। অপর নিহত ব্যক্তি একজন অজ্ঞাত পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগ সচল থাকা অবস্থায় একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ ভেঙে রাস্তার ওপর চলাচলরত একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর খুঁটির সঙ্গে সংযুক্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি খুঁটি রাস্তার ওপর হেলে পড়ে। বিদ্যুতায়িত তার পাশের একটি পুকুরে পড়ে যাওয়ায় পানিতে থাকা মাছ ভেসে ওঠে।

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

এ দুর্ঘটনার কারণে টঙ্গী-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ হয়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি স্থাপিত নতুন বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো সঠিকভাবে মাটিতে স্থাপন করা হয়নি। এছাড়া দুপুরে হওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে খুঁটি ভেঙে পড়ার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।