ডেপুটি কমিশনারদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, তারা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৫ মে) বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিসি’রা।
সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রধান বিচারপতি ডিসিদের জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে, তা স্মরন রেখে সবক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।