মানুষের জীবনে ইবাদতের নানা রূপ রয়েছে। কিছু ইবাদত নির্দিষ্ট সময় ও উপলক্ষের সঙ্গে সম্পৃক্ত, আবার কিছু ইবাদত নির্ভর করে বিশেষ পরিস্থিতি ও নিয়তের ওপর। কোরবানি ও আকিকা এমনই দুটি গুরুত্বপূর্ণ আমল, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং মুসলিম জীবনে এর তাৎপর্য গভীর।
অনেক সময় বাস্তব জীবনের প্রয়োজনে এ দুটি ইবাদতকে একত্র করার প্রশ্ন সামনে আসে। ইসলামের দৃষ্টিতে এ বিষয়টির সঠিক ব্যাখ্যা জানা জরুরি, যাতে ইবাদত যথাযথভাবে আদায় হয় এবং নিয়তের বিশুদ্ধতাও অটুট থাকে।
কোরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, আকিকাও একই উদ্দেশ্যে আদায় করা হয়। তাই এক পশুতে কোরবানি ও আকিকার নিয়ত একত্র করা শরিয়তসম্মত।
উট বা গরুর মতো বড় পশু, যেগুলোতে সাতজন পর্যন্ত শরিক হওয়া যায়, সেই ধরনের পশুতে কিছু অংশ কোরবানির জন্য এবং কিছু অংশ আকিকার জন্য নির্ধারণ করা বৈধ। যেমন এক গরুতে চারজন কোরবানি করলে বাকি দুই বা তিনজন আকিকার নিয়তে শরিক হতে পারেন।
একইভাবে কোরবানিতে যেমন একাধিক ব্যক্তি শরিক হতে পারে, তেমনি আকিকাতেও একাধিক ব্যক্তি একই পশুতে অংশ নিতে পারে। (রদ্দুল মুহতার ৬/৩২৬)
আকিকার গুরুত্ব ও বিধান
আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি সন্তানের জন্য কল্যাণ ও বরকতের একটি মাধ্যম। সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। তবে যদি সে দিনে সম্ভব না হয়, তাহলে পরবর্তী যেকোনো সময়ে তা আদায় করা যাবে। এমনকি কোরবানির ঈদের দিনও আকিকা করা জায়েজ।
হাদিসে বর্ণিত হয়েছে, ‘প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে। জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, তার নাম রাখা হবে এবং মাথা মুণ্ডন করা হবে।’ (তিরমিজি ১৫২২)