দেখা মিলবে মাহির

স্বল্প ক্যারিয়ারে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিনেমা থেকেও দূরে রয়েছেন দীর্ঘদিন। তবে প্রবাসে থাকলেও আসন্ন ঈদে সিনেমার তালিকায় থাকছে তার অভিনীত নতুন ছবি ‘অফিসার’। সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব। জানা গেছে, আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ‘অফিসার’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় মাহিকে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ডি এ তায়েব জানান, ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি গল্প নিয়ে আসছে ‘অফিসার’। তিনি আশাবাদী, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে সাড়া ফেলবে। সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে কাজ চলছে। এস জি প্রোডাকশন প্রযোজিত ‘অফিসার’ চলচ্চিত্রে মাহি-ডি এ তায়েব ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার, মুকুল চৌধুরী প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণ করছেন আসাদুজ্জামান মজনু। রূপসজ্জায় রয়েছেন জামাল ও শামীম রেজা।

মাহিয়া মাহির ক্যারিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে। ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শক মনে জায়গা করে নেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন তার অভিনয় জীবনকে বারবার থমকে দিয়েছে।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন। এরপর ২০২১ সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে। সেটাও ভেঙে যায়।