‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো’ নামের কৃষি প্রজেক্টে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের আনুমানিক ৪০০ কোটি টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ধৃত প্রতারক হলেনÑ মো. ওবায়েদুল্লাহ (৩৩)। রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিআইডি। এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে তিন হাজার টাকা লাভসহ আসলের সমপরিমাণ অর্থ ফেরত দেবে এবং ৩৩ মাসে বিনিয়োগকৃত মূলধন দ্বিগুণ হবে, এমন প্রলোভন দেখায় চক্রের সদস্যরা। প্রলোভনে আকৃষ্ট হয়ে ২০২৩ সালে তিনি ও তার তিন বান্ধবী কুড়িল চৌরাস্তাসংলগ্ন ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে মোট ১২ লাখ টাকা বিনিয়োগ করেন। আস্থা অর্জনের লক্ষ্যে চক্রটি প্রথম দিকে ৪২ হাজার টাকা লাভ দেয়। পরে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা এবং তৃতীয় দফায় প্রজেক্টের প্লট ক্রয় বাবদ আরও ১ কোটি ৬৩ লাখ টাকা জমা দেন। জমাকৃত অর্থের লভ্যাংশ হিসেবে ১৮ লাখ ৭২ হাজার টাকা ফেরত দিলেও পরে লেনদেন স্থগিত এবং অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায় চক্রের সদস্যরা।
সিআইডি জানায়, প্রতারকচক্রটি একই কৌশলে অসংখ্য ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছে। ভুয়া ওই প্রতিষ্ঠানের নামে পরিচালিত চারটি ব্যাংক হিসাব, মানি রিসিট পর্যালোচনা এবং অফিসের সার্ভারে থাকা তথ্যানুযায়ী বিভিন্ন ভুক্তভোগীর আনুমানিক ৪০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও গ্রেপ্তারকৃতের ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব, মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।