প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অভিযানে নিহত ৩

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) চালানো এ হামলাকে মানবাধিকার সংগঠনগুলো 'বিচারবহির্ভূত হত্যা' হিসেবে আখ্যা দিলেও ওয়াশিংটন বলছে, তারা 'মাদক-সন্ত্রাসীদের' লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।  

মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, হামলার লক্ষ্যবস্তু জাহাজটি 'ঘোষিত সন্ত্রাসী সংগঠন' দ্বারা পরিচালিত হচ্ছিল, যদিও তারা এসব সংগঠনের নাম প্রকাশ করেনি। হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়েছে। নিহতদের মাদক-সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।  

এক্স এ দেওয়া এক বার্তায় সাউদার্ন কমান্ড জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং সক্রিয়ভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ অঞ্চলে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদক পরিবহনের অভিযোগে এসব জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের অভিযানে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এসব হামলা 'অবৈধ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের' শামিল। অন্যদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ট্রাম্প প্রশাসনের এসব অভিযোগকে 'অপ্রমাণিত ও ভীতি ছড়ানোর প্রচেষ্টা' বলে মন্তব্য করেছে।