কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক মাদক কারবারির।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী নিজেই দৌড়ে গিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারের পৈয়াপাথর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. পাভেল (২৩) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বরুয়াসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাভেল। পরিস্থিতি বুঝতে পেরে ওসি নিজেই ধাওয়া করে তাকে আটক করেন।
আটকের সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৭১০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।