নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এই ঘটনা ঘটে।
আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্কুলের প্রাক্তন ছাত্র মো. মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলাম। সেই সাথে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়লো। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো আজ বড় ধরনের ঘটনা ঘটে যেতো। তারপরও ৫ থেকে ৬ জন শিশু আহত হয়েছেন।
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। এই স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি প্রয়োজন।
স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।
নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি কি করা যায়।