বরিশালে নিখোঁজের ৪ দিন পর কক্সবাজার থেকে স্কুলছাত্র উদ্ধার

বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান (১৩)কে চার দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ঈদগাহ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। 

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর সৌরভ ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিনজাতীয় মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। এ সময় সে একটি বিকাশের দোকান থেকে আট হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ওই রাতেই তার ব্যবহৃত মোবাইল ফোন একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কক্সবাজার ঈদগাহ থানার উপপরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানান, গভীর রাতে ঈদগাহ এলাকায় ক্লান্ত ও বিভ্রান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিরা সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, সৌরভ বর্তমানে সুস্থ রয়েছে এবং কথা বলতে পারছে। তার পকেট থেকে দূরপাল্লার বাসের দুটি টিকিট ও ১০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল। এরপর থেকে তার আর কিছু মনে নেই।

সৌরভের মা মিতু রাণী দাস বলেন, ‘সাড়ে আট হাজার টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে দোকানের সামনে অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চায়। এরপর সে জ্ঞান হারায়।’

তিনি বলেন, ‘আমার ধারণা ছিল ছেলেকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে আমার ভাইকে কক্সবাজারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বর্তমানে সৌরভকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কক্সবাজার পুলিশ।