ভারতের মাটিতে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকিস্তানি অ্যাথলেট ও দলগুলোর অংশগ্রহণের পথ সুগম হলো। বুধবার ভারতের ক্রীড়া মন্ত্রণালয় এক নতুন নীতিমালার মাধ্যমে জানিয়েছে, বহুপাক্ষিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের ভারতে আসার অনুমতি দেওয়া হবে। তবে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট আগের মতোই নিষিদ্ধ থাকছে।
রয়টার্স বলছে, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর নিয়ম এবং ভারতীয় অ্যাথলেটদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের জন্য মাল্টি-এন্ট্রি ভিসার ব্যবস্থা করা হবে।
২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন এবং ২০৩৬ অলিম্পিক ও ২০৩৮ এশিয়ান গেমসের আয়োজক হওয়ার দৌড়ে থাকা ভারত এখন নিজেদের একটি ‘গ্রহণযোগ্য ভেন্যু’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই ধারাবাহিকতায় পাকিস্তানি খেলোয়াড়দের ওপর থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের বাধা তুলে নেওয়া হলো।
ভারতের এই সিদ্ধান্তের ফলে অলিম্পিক বা এশিয়ান গেমসের মতো ইভেন্টে আরশাদ নাদিমদের মতো পাকিস্তানি তারকাদের ভারতে খেলতে আসায় আর বাধা থাকবে না। তবে ক্রিকেট ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ (যেমন—ভারত-পাকিস্তান টেস্ট বা ওয়ানডে সিরিজ) একে অপরের দেশে আয়োজন করা হবে না।
মন্ত্রণালয়ের স্মারক লিপিতে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে যাবে না এবং পাকিস্তানি দলকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।”
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময় ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। ২০১২-১৩ সালের পর থেকে দুই দেশ কেবল বড় টুর্নামেন্টে (যেমন বিশ্বকাপ বা এশিয়া কাপ) নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়। এমনকি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সহ-আয়োজক থাকলেও পাকিস্তান তাদের সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায়। গত বছরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনে এই অচলাবস্থা আরও প্রকট হয়েছিল।
নতুন এই সিদ্ধান্তের ফলে অন্তত বহুপাক্ষিক বা বিশ্বমঞ্চের ইভেন্টগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের ভারতের মাটিতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো, যা ২০৩৬ অলিম্পিক আয়োজনের পথে ভারতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।