মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়মন্টপ ইউনিয়নের পালপাড়ার মৃত নকুমদ্দিন সিকদারের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং কক্সবাজার সদর থানার বাসিন্দা ও বর্তমানে জয়মন্টপের পালপাড়ায় বসবাসকারী মৃত আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ দেলোয়ার (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. সুমনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের ঘরের ওয়ারড্রোবের নিচের ড্রয়ারে কাপড়ের ভাঁজ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী পরিদর্শক মো. সুমনুর রহমান।