আসন্ন 'এল ক্লাসিকো'র উত্তাপের মাঝেই নিজের ক্লাব ভবিষ্যৎ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনার ব্রাজিলীয় তারকা রাফিনহা। ইএসপিএন-কে দেওয়া এক একচেটিয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বার্সেলোনায় আসার প্রথম দিন থেকেই তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে।
গত কয়েকদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী দলবদলের মৌসুমে বার্সেলোনা তাদের এই তারকা ফরোয়ার্ডকে বিক্রি করে দিতে পারে। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাফিনহা বলেন, “আমি বার্সেলোনায় আসার প্রথম দিন থেকেই গুঞ্জন চলছে যে আমি ক্লাব ছেড়ে চলে যাব। আমার মনে হয়, লোকেরা আমাকে এখানে দেখতে খুব একটা পছন্দ করে না, বিশেষ করে সংবাদমাধ্যমের একটি অংশ। তাদের মধ্যে একজন তো শুধু মিথ্যাই বলে যায়।”
নির্দিষ্ট এক সাংবাদিকের সমালোচনা করে রাফিনহা আরও যোগ করেন, “তিনি লিখেছেন যে আমি নাকি ক্লাবের সাথে মিটিং করেছি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে দোটানায় আছি। এগুলো পুরোপুরি মিথ্যা। তার মুখ থেকে বের হওয়া প্রায় সব খবরই ভিত্তিহীন।”
ইএসপিএন-এর তথ্যমতে, বার্সেলোনা তাদের আর্থিক ঘাটতি মেটাতে আগামী উইন্ডোতে অন্তত ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ১,৩৫০ কোটি টাকা) সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এই কারণে কোনো বড় তারকাকে বিক্রি করার সম্ভাবনা রয়েছে। তবে টেকনিক্যাল কমিটি বা কোচিং স্টাফের কাছে ২৯ বছর বয়সী রাফিনহা এখনও ‘অপরিহার্য’।
বার্সেলোনায় এটি রাফিনহার চতুর্থ মৌসুম। গত মৌসুমে ৫৭ ম্যাচে ৩৪ গোল এবং ২২টি অ্যাসিস্ট করে তিনি দলের সেরা পারফর্মার ছিলেন। চলতি মৌসুমেও তার ফর্ম অব্যাহত রয়েছে; ৩১ ম্যাচে ইতোমধ্যে ১৯ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ মিশনের অন্যতম প্রধান ভরসা মনে করা হচ্ছে তাকে।
আগামী রবিবার (১০ মে) চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে রাফিনহা বলেন, “রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা। যদি তাদের বিপক্ষে জিতেই শিরোপা নিশ্চিত করতে হয়, তবে সেটাই হোক।”