নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে। তার দাদা ওই বাজারে ঢেউটিনের ব্যবসা করেন এবং তার বাবা রিপন মিয়াও একই বাজারে স্যানিটারি ব্যবসার সঙ্গে জড়িত। সে কারণে রামিম দিনের বেশিরভাগ সময় দাদার সঙ্গে বাজারেই কাটাত।
ঘটনার দিন সকালে রামিম পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে, রিকশাচালক সবুজ মিয়া, টিউবে বাতাস দেওয়ার মেশিন দিয়ে দুষ্টামির ছলে রামিমের পায়ুপথে বাতাস প্রবেশ করায়। এতে শিশুটির পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব আসকারী জানান, উচ্চচাপে বাতাস প্রবেশের ফলে অন্ত্রের কোনো অংশ ছিদ্র হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। এর ফলে তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে আনা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।