ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭

মস্কোর একতরফা যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ইউক্রেনে ব্যাপক মাত্রায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ বোমার আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। একটি গাড়ি মেরামতের কারখানা এবং কয়েকটি আবাসিক ভবনে এই বোমা আঘাত হানে। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এর উত্তর-পূর্বে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি ক্রামাতোরস্কে রুশ হামলায় ছয়জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া নিপ্রো শহরে হামলায় প্রাণ হারিয়েছেন আরও চারজন।

পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে রাশিয়া। গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা সেরহি কোরেটস্কি জানান, হামলায় তাদের তিন কর্মী এবং দুজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। কোরেটস্কি বলেন, ‘আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উৎপাদন ব্যাহত হয়েছে। এটি ছিল ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের একটি সমন্বিত হামলা।’ তিনি আরও জানান, এই হামলার কারণে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে অন্যদিকে দেশে মিসাইল ও ড্রোন হামলা চালানোটা রাশিয়ার ‘চরম নিষ্ঠুরতা’। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি লেখেন, এগুলো সম্পূর্ণ নিষ্ঠুর ও অর্থহীন সন্ত্রাসী হামলা, যার কোনো সামরিক যৌক্তিকতা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণ এবং মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে ৮ ও ৯ মে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া।

এর জবাবে ইউক্রেন গতকাল বুধবার মধ্যরাত থেকে একটি উন্মুক্ত বা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে রাশিয়াকে এতে সম্মতি দেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মস্কোর কর্মকর্তারা ইউক্রেনের এই প্রস্তাবে সাড়া দেননি। এক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনাদের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইউক্রেনে লড়াই করা রুশ সেনাদের প্রশংসা করে বলেন, ‘তারা তাদের পূর্ব পুরুষদের যোগ্য উত্তরসূরি এবং নির্ভরযোগ্যভাবে দেশ রক্ষা করছেন।’ এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া ইউক্রেন জুড়ে ১১টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৬৪টি ড্রোন ছুড়েছে। কিয়েভ থেকে আলজাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকআলপাইন জানান, ইউক্রেন নিয়মিত ড্রোন ভূপাতিত করতে অভ্যস্ত হয়ে উঠেছে। তবে ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর মতো পর্যাপ্ত সক্ষমতা তাদের এখনো নেই।