চীনকে ৩টি লক্ষ্যের বিষয়ে অবহিত করল ইরান

ইরানকে অব্যাহত কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির উচ্চপর্যায়ের বৈঠকে এমন ইঙ্গিতই সামনে এসেছে, যেখানে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বৈঠকে আব্বাস আরাঘচি মূলত তিনটি লক্ষ্য সামনে রেখে আলোচনা করেন। প্রথমত, তিনি চলমান সংঘাত নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেন এবং বেইজিংকে আশ্বস্ত করেন যে তেহরান একটি শান্তিপূর্ণ, স্থায়ী ও সার্বভৌমত্ব রক্ষাকারী সমাধানের দিকে এগোতে আগ্রহী, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত চুক্তি চায়। দ্বিতীয়ত, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে চীন-ইরান অংশীদারত্বের দৃঢ়তা পুনর্ব্যক্ত করা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর এবং তার সঙ্গে শি জিনপিংয়ের বৈঠককে সামনে রেখে তেহরান নিশ্চিত হতে চেয়েছে যে, বেইজিং কোনো ধরনের সমঝোতায় তাদের স্বার্থ ক্ষুণœ করবে না।

তৃতীয়ত, উভয় পক্ষ ভবিষ্যৎ পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া এবং যুদ্ধ অবসানের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেছে। এতে উপসাগরীয় অঞ্চলে একটি নতুন শান্তি ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ধারণাকে সমর্থন জানিয়েছে দুই দেশ যেখানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা এমন একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান চান।