প্রবাসী বউ হয়ে ফিরছেন অহনা

এই তো কিছুদিন আগেই টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন অহনা রহমান। নাটক ছাড়াও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে তিনি প্রায়ই আলোচনায় ছিলেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নাম লিখিয়েছিলেন এই মডেল-অভিনেত্রী। কিন্তু ধীরে ধীরে নানা কারণে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। মাঝখানে ওমরাহ পালনও করে এসে অভিনয়কে আরও কমিয়ে দেন তিনি। বলা চলে, অভিনয়কে একধরনের বিদায়ই জানিয়েছিলেন। তবে প্রাণের টানে এবং কিছু কাছের মানুষের একান্ত অনুরোধে মাঝেমধ্যে অভিনয় করতে দেখা যায়ে তাকে। সেই ধারাবাহিকতায় এবার ঈদের জন্য নির্মিত বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘প্রবাসী বউ’ শিরোনামের এই নাটকটিতে অহনাকে দেখ যাবে নাম ভূমিকায়। তার চরিত্র নাম আম্বিয়া।

নাটকের কাহিনী ও সংলাপ লিখেছেন অনামিকা ম-ল। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। গল্পে দেখা যাবে, আম্বিয়া তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তার স্বামী রাকিব খুব খুশি বউ ফিরে আসায়। আম্বিয়া-রাকিবের সংসারে আছেন রাকিবের মা ও বোন। বউ ফিরে আসায় খুশিতে রাকিব পুরো গ্রামে মিষ্টি বিলায়। ফুলের মালা দিয়ে বউকে বরণ করে নেয়। আম্বিয়াও খুশি স্বামীর এত ভালোবাসা পেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু গ্রামের মাতবর আম্বিয়ার কাছে সুযোগ নিতে আসে। আম্বিয়াকে প্রেম নিবেদন করে। আম্বিয়া মাতবরকে থাপ্পড় দিয়ে বিদায় করে দেয়।

এরপর থেকে মাতবর গ্রামে ছড়ানো শুরু করে আম্বিয়া বিদেশে মালিকদের সেবা করে বেড়াত। দাসী হিসেবে চাকরি করত বিভিন্ন মালিকের অধীনে। আম্বিয়ার চরিত্র ঠিক  নেই ইত্যাদি ইত্যাদি। গ্রামের মানুষও ভেবে দেখল কথায় যুক্তি আছে। আম্বিয়াতো অত লেখাপড়াও জানে না যে, বিদেশে গিয়ে বড় চাকরি করবে। মাতবরের কথাই ঠিক ভেবে নিয়ে পুরো গ্রামে কানাঘুষা শুরু হয়ে যায়। রাকিব থেকে শুরু করে রাকিবের মা, বোন সবাইকে কথা শুনতে হয়। রাকিবের মা ও বোন গ্রামবাসীর পক্ষে চলে যায়। এভাবেই ঘটনা মোড় নিতে থাকে অন্য দিকে। অহনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, ইরা তালুকদার, এস এম কামরুল বাহার, সাহেলা আক্তার, ফারহানা এশা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, অয়ন খান প্রমুখ। নাটকটি ঈদে আর টিভিতে প্রচার হবে।