দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় সাবিলা নূরকে ঘিরে সম্প্রতি নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ‘তান্ডব’ সিনেমার পর আবারও চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। যার নাম ‘রকস্টার’। এরই মধ্যে সিনেমাটি বেশ কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দর্শকমহলে। এই কৌতূহল রীতিমতো ঝড়ে রূপান্তর করেছে সিনেমাটি অফিশিয়াল টিজার। গত মঙ্গলবার রাতে টিজার প্রকাশের পর থেকেই তুমুল শোরগোল পড়ে গেছে দর্শকমহল ও নেটপাড়ায়। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে সিনেমাটির নায়িকা সাবিলা নূরের আবেগঘন এক বার্তা। সিনেমাটির টিজারের কোলাজ ছবি শেয়ার করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে ভুলেননি অভিনেত্রী সাবিলা নূর।
শাকিব খানের লুক ও কাজের প্রশংসা করে সাবিলা বলেন, ‘এত বিশাল এবং স্মরণীয় একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সাবিলা আরও বলেন, ‘শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।’ ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একদমই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন সবখানেই নিজের মেগাস্টার ইমেজের জানান দিয়েছেন তিনি।
টিজার দেখে বোঝা যাচ্ছে, দর্শক এবার পেতে যাচ্ছে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্ন স্বাদ। মূলত একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার।