প্রথমবার কান মাতাবেন তারা সুতারিয়া

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী তারা সুতারিয়া ইতিমধ্যেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এরই মধ্যে জানা গেল নতুন খবর। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাঁটবেন ‘টক্সিক’ অভিনেত্রী। এর মধ্য দিয়ে কান উৎসবে অভিষেক হচ্ছে তারার। বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত ৩০ বছর বয়সী এই তরুণী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকজন ভারতীয় তারকা এবং নির্মাতা অংশগ্রহণ করবেন। এই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

তারা সুতারিয়ার আগে বেশ কয়েকজন বলিউড তারকা ইতিমধ্যেই আন্তর্জাতিক লালগালিচায় নিজেদের উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। দীপিকা পাড়ুকোন বহুবার এই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তার সৌন্দর্য ও স্টাইল দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। ২০১৯ সালে তাকে একটি প্যাস্টেল সবুজ ফ্লেয়ারড গাউন এবং কোরাল হেডব্যান্ডে দেখা গিয়েছিল। ঐশ্বরিয়া রাই, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতির জন্য ‘কানের রানী’ হিসেবে পরিচিত, ২০০২ সাল থেকে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন।

এবারের উৎসবেও উপস্থিত থাকবেন ভারতের একগুচ্ছ তারকাশিল্পী। এই তালিকায় নিজের নাম যুক্ত হওয়ায় তর সইছে না তারা সুতারিয়ার। এদিকে গীতু মোহনদাস পরিচালিত টক্সিক সিনেমায় ‘রেবেকা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমায় তার সঙ্গে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে। এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে তারা সুতারিয়া টক্সিক মুক্তির আগে আগেই কানে অভিষেক হচ্ছে তারার। ফলে কানে তার উপস্থিতি একদিকে যেমন তার জন্য একটি মাইলফলক, তেমনি সিনেমাটির প্রচারেও ভূমিকা রাখবে।

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি রয়েছে তারা সুতারিয়ার। ভারত ও ভারতের বাইরের চলচ্চিত্র ও বিজ্ঞাপনের জন্য গান গেয়েছেন তিনি। তার গাওয়া ‘সিøপিন থ্রো মাই ফিঙ্গার’ ব্লেম ইট অন ইয়াশরাজ শিরোনামের একটি মঞ্চনাটকে ব্যবহৃত হয়। ২০১০ ডিজনি ইন্ডিয়ার বিগ বাড়া বুমের মাধ্যমে তিনি মিডিয়া জগতে যাত্রা শুরু করেন। এরপর তিনি চ্যানেলেই দ্য স্যুট লাইফ অব করণ অ্যান্ড কবির ও ওয়ে জ্যাসি শিরোনামের ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৯ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ -তে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে।