দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) দেশের অন্তত ১৮টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বুলেটিনে বলা হয়েছে, দেশের একটি বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল।
পূর্বাভাস অনুযায়ী, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার এই তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জানমালের নিরাপত্তা ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী লঞ্চ, স্টিমার ও অন্যান্য ছোট নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হঠাৎ ঝড়ের কবলে পড়া এড়াতে আবহাওয়া পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে অনুরোধ করেছে আবহাওয়া অফিস।
সাধারণ মানুষকে এই সময়ের মধ্যে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গা বা গাছের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।