লিওনেল মেসি কি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার? ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক—সবার মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়। সম্প্রতি ইন্টার মায়ামির ডেরায় আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইতালিয়ান সাবেক গোলমেশিন আন্তোনিও ক্যাসানো। দীর্ঘ ১ ঘণ্টা ৪০ মিনিটের সেই আড্ডায় ক্যাসানো সরাসরি মেসিকে জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্নটি। কিন্তু মেসির দেওয়া উত্তরে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছেন ক্যাসানো।
ইতালিয়ান মিডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে ক্যাসানো জানান, আড্ডার এক পর্যায়ে তিনি মেসিকে প্রশ্ন করেন, “লিও, তুমি কি বুঝতে পারো যে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে তোমাকে মানুষ কীভাবে দেখে?”
উত্তরে অত্যন্ত বিনয়ের সঙ্গে মেসি বলেন, 'আন্তোনিও, আমি এক নম্বর, দুই নম্বর নাকি পনেরো নম্বরে আছি—তাতে আমার কী যায় আসে? আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আমার আছে ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্যাশন। আমি হয়তো আরও তিন-চার বছর খেলা চালিয়ে যাব। আমি খেলি কারণ আমি ফুটবল উপভোগ করি।'
মেসির এমন নিরহংকার জবাবে বিস্মিত ক্যাসানো রসিকতা করে বলেন, “তুমি বুঝতে পারছ না লিও। আমি যদি তোমার জায়গায় হতাম এবং আমার যদি এমন সাফল্য থাকত, তবে আমি হয়তো ট্রাম্পকেও যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতাম!” ক্যাসানোর এই কথায় মেসি হেসে ওঠেন এবং পরিবেশটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
ক্যাসানো জানান, মেসি কেবল তাকে সময় দেননি, বরং তার পরিবারের প্রতিও অসাধারণ সম্মান দেখিয়েছেন। নিজের বডিগার্ড পাঠিয়ে ক্যাসানোর পরিবারকে ভেতরে আনার ব্যবস্থা করেন মেসি। শুধু তাই নয়, ইন্টার মায়ামির একটি ম্যাচ দেখার জন্য ক্যাসানোর সন্তানদের জন্য তৎক্ষণাৎ ভিআইপি টিকিটেরও ব্যবস্থা করে দেন এই মহাতারকা।