রেফারিকে ‘গণধোলাইয়ের’ ভয় দেখিয়ে নিষিদ্ধ বার্সেলোনা কিংবদন্তি

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়েছেন ২০২২ সালেই। বর্তমানে তিনি স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল এফসি আন্দোরার সহ-মালিক। কিন্তু মাঠের বাইরে থাকলেও বিতর্কের ছায়া পিছু ছাড়ছে না জেরার্ড পিকের। রেফারির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অপমানের দায়ে এবার বড় ধরনের শাস্তির মুখে পড়লেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

গত সপ্তাহে আলবাসেতের বিপক্ষে আন্দোরার ১-০ গোলের হারের পর রেফারির ওপর চড়াও হন পিকে। রেফারি আলোনসো দে এনা উলফ তার ম্যাচ পরবর্তী রিপোর্টে উল্লেখ করেছেন, পিকে তাকে লক্ষ্য করে বলেছিলেন, “এসকর্ট নিয়ে বের হও যাতে কেউ তোমাকে আক্রমণ করতে না পারে। অন্য দেশ হলে লোকে তোমাকে পিটিয়ে তুবড়ে দিত, কিন্তু আমরা আন্দোরায় থাকি বলে তুমি বেঁচে গেলে, কারণ এটি একটি সভ্য দেশ।”

পিকের এই মন্তব্যে স্পোর্টস ডিসিপ্লিনারি কমিটি তাকে দুটি ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে: দুই মাসের নিষেধাজ্ঞা- পিকের প্রকাশ্য এবং কুখ্যাত আচরণের জন্য, যা খেলাধুলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ৬ ম্যাচের নিষেধাজ্ঞা- রেফারিদের সঙ্গে অশোভন আচরণের জন্য তাকে আলাদাভাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কেবল পিকেই নন, আন্দোরার আরও কয়েকজন কর্মকর্তাও এই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। ক্লাব প্রেসিডেন্ট ফেরান ভিলাসেকাকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং স্পোর্টিং ডিরেক্টর জাউমে নোগুয়েসের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা এবং ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা এখন তার ক্লাবের প্রশাসনিক কাজেও বড় বাধার মুখে পড়লেন। বর্তমানে আন্দোরা দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে ১০ম স্থানে রয়েছে।