বিডার রয়্যালটি সেবা এখন সম্পূর্ণ ডিজিটাল, অনুমোদন মিলবে মাত্র ৭ দিনে

রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং Outward Remittance অনুমোদন এখন বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ এই সেবা সম্পূর্ণ অনলাইনে চালু হওয়ায় সেবা গ্রহণে সময় সাশ্রয় হয়েছে ৮৩ শতাংশ, আর কাজের গতি বেড়েছে প্রায় ছয় গুণ। 

২০২৬ সালের জানুয়ারি মাসে রয়্যালটি সার্ভিসটি পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালু হয়। ডিজিটালাইজেশনের পূর্বে এই সকল সেবা প্রক্রিয়াকরণে দেড় থেকে দুই মাস সময় প্রয়োজন হত, যা এখন ৭ থেকে ১০ কার্যদিবসে নেমে এসেছে। বর্তমানে বিনিয়োগকারীরা bidaquickserv.org পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করতে পারছেন। সেবাটি সময়াবদ্ধ হওয়ায় বিডা ওএসএস-এর মাধ্যমে গত এপ্রিল মাসে ৪টি রয়্যালটি পেমেন্ট অনুমোদন করা সম্ভব হয়েছে।

এর আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার ডকুমেন্ট সহায়ক নথিপত্র হিসেবে ম্যানুয়ালি জমা দিতে হতো। এসব নথি যাচাই, সারসংক্ষেপ প্রস্তুত, অভ্যন্তরীণ নোটিং, পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করতে সাধারণত দেড় থেকে দুই মাস সময় লাগত। এখন বিডা ওএসএস পোর্টালে কাঠামোবদ্ধ ডিজিটাল হাইলাইট ও ইনপুট চালু হয়েছে, ফলে যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে। বিনিয়োগকারিরা তাদের আবেদন অনলাইনে ট্র্যাক করতে পারায় স্বচ্ছতা বৃদ্ধি হয়েছে। এই সেবার ফি পরিশোধ ব্যবস্থাও বিডা ওএসএস-এর মাধ্যমে এখন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। 

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাপ পূরণ করেছি। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়োগ সেবা সময়মতো, সহজ ও সুশৃঙ্খল ডকুমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রদান করা জরুরি। রয়্যালটি সেবা সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে সেবার গতি ও যাচাই প্রক্রিয়া উভয়ই আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা এখন আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন।” 

বিডা ওএসএস প্ল্যাটফর্মে মাধ্যমে রয়্যালটি পেমেন্ট সহজীকরণ কার্যক্রমে Transformative Economic Policy Programme (TEPP) এর আওতায় কারিগরি সহায়তা প্রদান করেছে UNDP Bangladesh। এ কার্যক্রমে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে Business Automation Ltd। সেবাটি আরও ব্যবহারবান্ধব করতে কাজ চলমান রয়েছে।

বর্তমানে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টিরও বেশি বিনিয়োগ সেবা এক জায়গা থেকে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিডার নিজস্ব ৪০টি বিনিয়োগ সেবা।