শিবচরে স্কুলছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সহপাঠীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাচ্চর এলাকার রূপসী বাংলা ওয়ালটন শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাচ্চর ইউনিয়নের সোনাপট্রি এলাকার বাসিন্দা লাকী বেগমের ছেলে জুবায়ের আহম্মেদ হাসান (১৬) স্থানীয় পাচ্চর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। গত ৩ দিন আগে একই বিদ্যালয়ের সহপাঠী শামীম (১৬) ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে শত্রুতা তৈরি হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্তরা গতকাল বিকেলে রাস্তার ওপর জুবায়েরের পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় জুবায়ের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শামীম তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জুবায়েরের কপালের ডান পাশে আঘাত করলে সে আহত হয়। এছাড়া অন্যান্য অভিযুক্তরা লোহার হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। 

এসময় জুবায়েরের বন্ধু রোহান (১৬) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে আহত জুবায়েরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের মতে, সামান্য বিষয়কে কেন্দ্র করে কিশোরদের মধ্যে এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগীর স্বজনার এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুঞ্জুল মোর্শেদ জানায়, অভিযোগটি পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।