সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারিপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। 

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।