‘United in Humanity’ (মানবতায় ঐক্যবদ্ধ) প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আগামীকাল ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। সেদিন সরকারি বন্ধ থাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ।
এ উপলক্ষে আজ ময়মনসিংহে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, ব্লাড গ্রুপিং কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯ টায় ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক, ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক সাইদুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, এডভোকেট এম এ হান্নানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এবারের বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ‘United in Humanity’ আমাদেরকে মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল চেতনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারও মানবিক রাষ্ট্র গঠনে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে। মানবিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে আরও বেশি স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে ময়মনসিংহ রেড ক্রিসেন্টের চেয়ারম্যন বলেন, সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, রক্তদান ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে রয়েছে। ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটিও জেলার বিভিন্ন দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ময়মনসিংহে রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরও জোরদার ও সর্বত্র ছড়িয়ে দিতে সকলকে সম্পৃক্ত হবার আহ্বান জানান ।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।