খনন কার্যক্রমের মাধ্যমে দখলমুক্ত হবে খাল: পানিসম্পদ মন্ত্রী

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে এখনও বিভিন্ন স্থানে অবৈধভাবে খাল দখলের ঘটনা রয়েছে। এসব দখলকৃত খাল উদ্ধারে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং এ কাজে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বাধাগ্রস্ত ছিল। বিগত সময়ে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় অনেক স্থানে খালের পাড় দখল হয়েছে। খালের আশপাশে বর্জ্য-আবর্জনার স্তূপ জমেছে। এছাড়া দোকান-পাট, ঘর-বাড়ি ও শিল্প কারখানার বর্জ্যও খালে গিয়ে পড়ছে। চলমান খাল খনন কার্যক্রমের মাধ্যমে এসব দখল ও দূষণমুক্ত করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে নতুন উদ্যমে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনগণের উপকার হবে।

এ সময় মন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন ও জাগরণ সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন আঙ্গিকে বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।