ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম প্রভাবশালী নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলেকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৭ মে) হামাসের সিনিয়র নেতা বাসসেম নাঈম এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে খলিল আল-হাইয়ার চার সন্তান ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারালেন। এর আগে ২০০৮ এবং ২০১৪ সালে গাজায় দুটি পৃথক হামলায় এবং গত বছর দোহায় চালানো ইসরায়েলি আক্রমণে তার আরও তিন ছেলে নিহত হয়েছিলেন। খলিল আল-হাইয়া নিজে বহুবার ইসরায়েলি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন।
খলিল আল-হায়া নিজে গাজায় থাকেন না। তবে তার পরিবারের সদস্যরা সেখানেই রয়ে গেছেন। তার মোট সাত সন্তান রয়েছে। খলিলকেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে দখলদার ইসরায়েল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জানা গেছে, খলিল আল-হায়ার নিহত এ ছেলের নাম আজম বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। এতে হামাসের অসংখ্য যোদ্ধাসহ সাধারণ ফিলিস্তিনিরা প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এখন সেখানে যুদ্ধবিরতি চললেও; ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৮১ জন আহত হয়েছেন।