মাদকাসক্ত হয়ে পরিবারের ওপর নির্যাতন, বাবার কারাদণ্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত বাবাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত আমিনুল ইসলাম তারেক। এর আগে বুধবার (৬ মে) বিকেলে উপজেলার দক্ষিণ বাশজানী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের মৃত এনছার আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে তার ছেলে মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে অতিরিক্ত মাদক সেবনের পর বাচ্চু মিয়া মানসিকভাবে অসংলগ্ন আচরণ শুরু করেন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় পড়ে। 

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বাড়ির সামনে দা হাতে অবস্থান করছিলেন, যা পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।

পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বাচ্চু মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত আমিনুল ইসলাম তারেক জানান, ছেলের অভিযোগ পাওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে মাদক সেবনের সময় আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।