ভোলায় নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. মাসুদ হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। ঘটনার পর হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাসুদ হাওলাদার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর ছকিনা এলাকার মৃত আলী আজগরের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি আক্তার (৪০), রেশমা (৩০), তানভীর (১৮) ও ফিরোজ (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও নিহতের প্রতিবেশী।লালমোহন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাসুদ হাওলাদার বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাসুদ ও আক্তারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আক্তার তার সহযোগীদের নিয়ে মাসুদের জমিতে থাকা একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে বিরোধের সৃষ্টি হয়। এসময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মাসুদসহ তার পরিবারের ৬ জন এবং প্রতিপক্ষের ৩ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভেদুরিয়া এলাকায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে মাসুমা বাদী হয়ে আক্তারকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।