নতুন সিনেমায় ভাবনা

দর্শকপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘ঢাকা ১২০৫’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় ভাবনার বিপরীতে দেখা যাবে রাকিব হোসেনকে। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

কয়েক দিন আগে ৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফেরার পর সামাজিক মাধ্যমে ‘ঢাকা ১২০৫’ লিখে একটি পোস্ট দেন ভাবনা। পোস্টের সঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ও সহশিল্পী রাকিব হোসেনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলে নতুন সিনেমাটি নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

নির্মাতা জানান, ‘ঢাকা ১২০৫’ মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে র‌্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহ সংগীত পরিচালনা করছেন রুবেল ফ্লাইংকাইটস।

সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে। এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে। নির্মাতা আরও বলেন, ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে রাকিব যেকোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ওয়ালিদ আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। তার ঝুলিতে রয়েছে রাজ কাপুর অ্যাওয়ার্ড ও গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালসহ একাধিক সম্মাননা। ২০২৩ সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘মেঘের কপাট’। এ ছাড়া সজল ও সিন্ডিকে নিয়ে নির্মিত সিনেমা ‘জীবনে খেলা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।