আজ শুক্রবার (৮ মে) সকাল ৮টায় বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় ১৭৭ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া একিউআই স্কোর ১৫৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।
বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুমান বিশেষজ্ঞরা জানান, আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সাধারণ নগরবাসীকেও বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার এবং দীর্ঘক্ষণ বাইরের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।