চীনকে ধন্যবাদ জানাতে নৈশভোজের আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নৈশভোজের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীন দূতাবাস জানায়, বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের সফলতার জন্য প্রতিনিধি দলকে অভিনন্দন জানান এবং বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নয়ন এবং চিরাচরিত বন্ধুত্বকে এগিয়ে নিতে আগ্রহী চীন।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা আয়োজকদের উষ্ণ ও সুচিন্তিত আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সফরের ফলাফলের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা পক্ষের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু। সম্পর্ক আরও উন্নয়ন, পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিতে আগ্রহী বিএনপি।