হট্টগোলে ভাঙল মসজিদের গ্লাস, আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের একটি মসজিদে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের পর বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতর ও ফটকে ভাঙা কাচ পড়ে রক্তের দাগ দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার নামাজ আদায় করতে মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে যান। নামাজের খুতবা শুরুর আগে তিনি বক্তব্যও দেন।

মুসল্লিদের অভিযোগ, তার আগমনকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরে স্লোগান দেন এবং বের হওয়ার সময় অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে মসজিদের ফটকের গ্লাস ভেঙে পড়ে এবং কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে আল-আমিন নামের এক মুসল্লি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। মসজিদের ভেতরেই হুড়োহুড়ি ও স্লোগান চলছিল। বের হওয়ার সময় গেটের গ্লাস ভেঙে পড়ে কয়েকজনের হাতে-পায়ে কেটে যায়। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লি ও ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফটকের সামনে অতিরিক্ত ভিড়ের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমরা মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ইমাম-মুয়াজ্জিনের সঙ্গেও আলোচনা করেছি। ভাঙা গ্লাস আমরা পুনরায় স্থাপন করে দেবো। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।