শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ এপ্রিল) পৃথক দুটি স্থানে দুই শিশুর মৃত্যুর এ ঘটনা ঘটেছে। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুটি পরিবারে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন নিহতে বাড়িতে ভির করেন।  তবে এ বিষয়টি পুলিশ জানে না বলে নিশ্চিত করা হয়। এ বিষয়ে পুলিশ খোঁজ নেবার কথাও জানিয়েছেন। নিহত দুই শিশু জিহাদ হাসান  (৬) ও সুইটি আক্তার  (১৪)।

এর মধ্রে শিশু জিহাদ হাসান গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। অপর শিশু সুইটি আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল তারা। তার বাবা-মা দু’জনই পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নামাজের আগে নগরহাওলা গ্রামে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু জিহাদ হাসান। অনেক্ষণ ধরে  খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির সময় পুকুর পাড়ে জিহাদের জুতাজোড়া চোখে পড়ে। সন্দেহ হলে পুকুরের পানিতে নামে লোকজন। সেখানে ডুবে থাকা অবস্থায় জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর দিকে দক্ষিণ ধনুয়া এলাকায়  সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নামে সুইটি আক্তার। সেখানে ডুবে মৃত্যু হয় সুইটি আক্তারের। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মারা গেছে এমন খবর আমাদের কেউ অবহিত করেনি। আমরা খোঁজ নিয়ে আরও বিস্তারিত বলতে পারবো। পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করছি।