মুদ্রাস্ফীতির শঙ্কা কাটিয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি সম্ভাব্য চুক্তির আশা তৈরি হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যুদ্ধের উত্তেজনা কমে আসার এই ইতিবাচক প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুটি চলতি সপ্তাহে বড় ধরনের লাভের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতা হ্রাসের সংকেত মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হারের উদ্বেগ কমিয়ে আনায় বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫১ মিনিট (১৫:৫১ জিএমটি) নাগাদ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭০৯.৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে ধাতুটির দাম সব মিলিয়ে ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭১৯.৬০ ডলারে।

বিশ্লেষকদের মতে, সাধারণত বৈশ্বিক অস্থিরতার সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ (সেফ হ্যাভেন) হিসেবে বিবেচনা করা হয়। তবে উচ্চ সুদের হারের পরিবেশে স্বর্ণের দাম কিছুটা চাপে থাকে, কারণ এটি কোনো লভ্যাংশ বা সুদ প্রদান করে না।

বর্তমানে স্বর্ণের এই মূল্যবৃদ্ধিকে একটু ভিন্নভাবে দেখছেন বিশেষজ্ঞরা। হাই রিজ ফিউচার্সের মেটাল ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগার জানান, ‘স্বর্ণ এখন নিরাপদ আশ্রয়ের চেয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ সম্পদের (রিস্ক অ্যাসেট) মতো আচরণ করছে। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের সম্ভাবনার সাথে স্বর্ণের এই ঘুরে দাঁড়ানোর বিষয়টি সরাসরি সম্পৃক্ত। জ্বালানির দাম কমে আসায় আমরা ভবিষ্যতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ কর্তৃক সুদের হার কমানোর জোরালো সম্ভাবনা দেখছি।’

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ যত নামবে, বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা তত বাড়বে। আর এই স্থিতিশীলতার আশায় বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণের বাজারে সক্রিয় হওয়ায় দামের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা