পুলিশকে সব ধরনের সহযোগিতা করছে সরকার : আইজিপি

বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নতুন অর্থবছরে বাহিনীতে জনবল-সংকটের সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশানুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বিগত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই নতুন ফাঁড়ি ভবন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিকে রায়েরবাজার থানার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের অংশ নিয়ে একটি; ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ এবং খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাবনা রয়েছে। পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের আগাম প্রস্তাবও দেওয়া হয়েছে।