পশ্চিমবঙ্গে বিজেপি শাসনের সূচনা আজ

ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির এই নবযাত্রায় প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি। 

এর আগে গতকাল বিধানসভার নির্বাচতি সদস্যদের সাথে বৈঠকের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। 

বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিল, ক্ষমতায় এসে নবান্নের পরিবর্তে রাজ্য সচিবালয় রাইটার্স বিল্ডিংস থেকে সরকার পরিচালনা করবে তারা। তবে স্থাপনাটির সংস্কার এখনও সম্পূর্ণ হয়নি। ফলে আজ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে একবার সেখানে যেতে পারেন। এরপর তিনি যাবেন বিধানসভায়। সেখানেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা।

শনিবার ব্রিগেডে শুভেন্দুদের শপথগ্রহণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিজেপিশাসিত রাজ্যের বেশ কয়েক জন মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তাও কড়াকড়ি করা হচ্ছে। 

ব্রিগেড এবং সংলগ্ন ময়দান এলাকায় নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি এবং ডিসিরাও থাকবেন।

এদিকে শুভেন্দু অধিকারী শপথগ্রহণ উপলক্ষে শনিবার কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে।