সাভারে আনসারদের ওপর হামলায় ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮

সাভারে হকারদের অর্তকিত হামলায় ছয় আনসার সদস্য আহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে সকালে সাভার মডেল থানায় উপজেলা আনসারের সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম একটি মামলা করেন।

পুলিশ জানায়, শুক্রবার ফুটপাতে হকার বসতে না দেওয়ায় আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন আনসার সদস্য আহত হন। পরে আনসার সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ১৮ জনকে  গ্রেপ্তার করেছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।