আজ দেশের আলোকিত অভিনেতা, নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা তারিক আনাম খানের জন্মদিন। বিশেষ এই দিন নিয়ে কখনোই তারিক আনাম খানের মনে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না। তিনি বছরের অন্যান্য দিনের মতোই সাধারণভাবেই দিনটি পার করেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানিয়েছেন তিনি। তারিক আনাম খান বলেন, ‘আমি সব সময় আসলে এমনটাই মনে করি আমি যদি তেমন বিশেষ কিছু করে থাকি তবে আমার জন্মদিন অন্য কেউ উদযাপন করবে। আর যদি না করে থাকি, তবে করবে না। এবারের দিনটিও যথারীতি আমার অন্যান্য দিনের মতোই কাটবে। তবে জন্মদিনে শুধু এতটুকুই বলতে চাই তা হলো সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আরও ভালো ভালো গল্পের কাজ যেন করে যেতে পারি।’
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল এই অভিনেতা আরও বলেন, সত্যি কথা হলো আমার জন্মদিনে কোনো সাংবাদিক বা অন্য কেউ যদি আমার পরিকল্পনা জানতে চান, তখন আমার একই কথা বলতে হয়। আর তখনই আমার সেই পুরনো ভাবনাগুলোও জড়ো হতে থাকে। মনে ভেসে ওঠে সেই ছেলেবেলা। আমার কাছে জন্মদিন মানেই সেই শৈশব-কৈশোরের দিনগুলো। যদিও তখনো তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আউড়াতেন। মা একটু বিশেষ কিছু করতেন। ভাইবোনরা খ্যাপাত। ব্যস ওইটুকুই।’
এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে, আবেগ তাড়িত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। আজও আনন্দিত মুখ, হাসিমাখা মুখ আমাকে খুশি করে।