দেশি গার্ল বলে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন পুরোদস্তুর হলিউডের ব্যস্ত অভিনেত্রী। তার জয়যাত্রা অব্যাহত রেখে এবার নতুন একটি সারভাইভাল থ্রিলার সিনেমায় নাম লিখিয়েছেন। ‘রিসেট’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বিশ্বখ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুমকে। ম্যাট স্মাকলারের পরিচালনায় এই সিনেমার চিত্রগ্রহণ আগামী আগস্ট মাসে শুরু হওয়ার কথা রয়েছে। জর্ডান রলিন্সের লেখা এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে রহস্যময় এক অরণ্য ও এক নারীকে কেন্দ্র করে। লোকালয় থেকে দূরে এক নির্জন বনে বড় হওয়া সেই নারীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা, যার স্মৃতিতে নেই সেখানে পৌঁছানোর কোনো ইতিহাস। জীবন বাঁচাতে তাকে নির্ভর করতে হয় এক আকর্ষণীয় আগন্তুকের ওপর, যার চরিত্রে থাকবেন অরল্যান্ডো ব্লুম। তবে সেই অপরিচিত ব্যক্তি আসলে কে, তা নিয়েই ঘনীভূত হয় রহস্য।
প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোর এই নতুন জুটি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতা ম্যাট স্মাকলার তার এক বিবৃতিতে সিনেমাটির কাস্টিং প্রসঙ্গে বলেন, ‘আমি এমন একটি জুটি খুঁজছিলাম, যেখানে আকর্ষণ এবং অবিশ্বাস অনায়াসে সহাবস্থান করতে পারে। প্রিয়াঙ্কা এবং অরল্যান্ডোর মধ্যে একই সঙ্গে দুটি বিষয় বিশ্বাস করানোর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। তাদের রসায়ন অনস্বীকার্য।’
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে পার্পল পেবল পিকচার্স, অ্যামেজিং আউল, ফ্রাট্রিসাইডাল ফিল্মস এবং রোডস এন্টারটেইনমেন্টের মতো নামকরা প্রতিষ্ঠানগুলো। প্রজেক্টটি সম্পর্কে রোমাঞ্চ প্রকাশ করে প্রযোজকরা জানিয়েছেন, ‘জর্ডান রলিন্স এবং ম্যাট স্মাকলার বেঁচে থাকা, প্রেম, সাসপেন্স এবং প্রতারণার এক রোমাঞ্চকর গল্প তৈরি করেছেন, যা চমকপ্রদ টুইস্টে পরিপূর্ণ। আমরা প্রিয়াঙ্কা ও অরল্যান্ডোর সঙ্গে অংশীদারিত্ব করে এটিকে পর্দায় আনতে পেরে রোমাঞ্চিত।’