নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে পরিবারের সবাই দগ্ধ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা। যিনি মেসে রান্নার কাজ করেন। তাদের ছেলে মুন্না (৭), দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭ টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রীর ৬০, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক। ৫ জনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।