শিবচরে স্বর্ণের দোকানে চুরি, সিদ কেটে লুট ৩২ লাখ টাকা

মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্বর্ণের দোকানে সিদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় তপু মণ্ডলের দোকানে এ ঘটনা ঘট। এ ঘটনায় শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বেপারীকান্দি গ্রামের বাসিন্দা তপু মণ্ডল (৩৪) তার নিজ বসতবাড়ির সংলগ্ন “মা-লক্ষী স্বর্ণ শিল্পালয়” নামে একটি জুয়েলারি দোকান পরিচালনা করেন। গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ ভোরে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের ঝাপ খোলা এবং ভেতরে প্রবেশ করে দেখতে পান সিদ কেটে দোকানে ঢুকে লকার ভেঙে ফেলা হয়েছে। 

তিনি আরও জানান, দোকানের লকারে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৭ লাখ টাকা), প্রায় ৭০০ ভরি রুপা (আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা) এবং নগদ ৬০ হাজার টাকা চুরি হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তপু মণ্ডল অভিযোগ করেন, গতকাল  সন্ধ্যা ৭টা থেকে আজ ভোর ৫টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল সিদ কেটে দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুঞ্জুল মোর্শেদ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।