প্রাণঘাতী হান্টাভাইরাস প্রাদুর্ভাবের পর আক্রান্ত বিলাসবহুল জাহাজ 'এমভি হন্ডিয়াস' স্পেনের তেনেরিফ দ্বীপের গ্রানাডিয়া বন্দরের কাছে এসে নোঙর করেছে। রবিবার (১০ মে) সকালে জাহাজটি পৌঁছানোর পর সেখানে যাত্রী ও আংশিক ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে রয়টার্স।
স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো যাত্রীর মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। তবে সতর্কতামূলকভাবে সবাইকে উচ্চঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে।
পর্যায়ক্রমে ছোট নৌযানের মাধ্যমে যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে তীরে আনা হবে। এরপর জীবাণুমুক্ত বাসে করে তাদের মাত্র ১০ মিনিট দূরের স্থানীয় বিমানবন্দরে নেওয়া হবে, সেখান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ইউরোপের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সব যাত্রীকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। স্প্যানিশ কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় নাগরিকদের আগে নামানো হবে, এরপর অন্য দেশের যাত্রীরা দলভিত্তিকভাবে নামবেন। জাহাজে থাকা প্রায় ৩০ জন ক্রু সদস্য পরে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে, যেখানে জাহাজটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে কেপ ভার্দে উপকূল থেকে জাহাজটি স্পেনের দিকে রওনা দেয়। গত কয়েক দিনে সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত আটজন অসুস্থ হয়েছেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে,এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিক। ছয়টি সংক্রমণ নিশ্চিত এবং আরও দুটি সন্দেহভাজন কেস রয়েছে।